রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৯, সর্বোচ্চ মিরপুরে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৯, সর্বোচ্চ মিরপুরে
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/