শিরোনাম

আনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশ ব্যাংক। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১৯ জুলাই এক অফিস আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, রকিবুল হাসান নির্দিষ্ট নিয়ম মেনে খোরপোশ ভাতা পাবেন বলে ওই আদেশে উল্লেখ করা হয়। আদেশের পরপরই এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও জুয়াসহ বেশ কিছু গুরুতর অভিযোগ উঠে এসেছে। নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করলে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত রাখার নিয়ম রয়েছে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রকিবুল হাসানকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে অভিযান চালায়। তবে আগে থেকেই খবর পেয়ে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা একাধিক ব্যাংকে বেশ কয়েকটি হিসাব পরিচালনা করতেন। এসব হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে, যার একটি বড় অংশ অবৈধ জুয়া ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সঙ্গে সম্পর্কিত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. রকিবুল হাসান খান রকির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/