শিরোনাম

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর
সিফাত আব্দুল্লাহ (ডানে)

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিফাত আব্দুল্লাহর আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। তিনি বলেন, আমরা সিফাতের জামিন চেয়েছিলাম। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন।

তার দাবি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের যে বক্তব্য বা গালাগালের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

আইনজীবী বলেন, গত ৪ জুনের সন্ত্রাসবিরোধী একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। বলেন, ‘তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার দাবি, গ্রেপ্তার হওয়া সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে ৫ আগস্টের আগে থেকেই কাজ করে আসছেন। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।

এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র সিফাত আব্দুল্লাহ এনসিপির সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন যাবত প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্টদেরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করতেন। সর্বশেষ বৃহস্পতিবার ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকারে সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় তাকে।

সেখানে সিফাত আব্দুল্লাহ বলেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত বলে তিনি জানান। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

/জেএইচ/