শিরোনাম

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সিটিজেন ডেস্ক
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম। ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ফরহাদ হোসেন দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ফরহাদ হোসেনের বিরুদ্ধে প্রায় এক কোটি ১১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকার জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা তদন্তাধীন।

অন্যদিকে, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধেও স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে প্রায় ৯৪ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুজনের আয়কর নথি জব্দের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানায় দুদক। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

/এসএ/