মানবতাবিরোধী অপরাধ

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশের কড়া নিরাপত্তায় হাসানুল হক ইনু

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানির দায়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদিকে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে। ইতোমধ্যেই আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে, গত ৩০ জুন ইনুকে পৃথক তিনটি অভিযোগে ১০ বছর করে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে তাকে সাজা খাটতে হবে মাত্র ১০ বছর। ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছিল।

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুরুতর আহত করা, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের ঘটনায় তার দায় প্রমাণিত হয়েছে। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সহযোগিতার অভিযোগেও ইনুর দায় প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আরেকটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও চুক্তিতে সম্পৃক্ত থাকার দায়ে তাকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে এসব সাজা একসঙ্গে কার্যকর হবে।

/এফআর/