শিরোনাম

দেড় মাসের সন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক
দেড় মাসের সন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী
আদালত থেকে বের হওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৪৬ দিনের শিশুসন্তানকে কোলে নিয়ে তিনি আদালত থেকে বের হওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

আদালতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি জানান, আসামির দেড় মাস বয়সী শিশুসন্তান রয়েছে এবং তিনি সিজারিয়ান অস্ত্রোপচারের রোগী। মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষ জামিনের আবেদন জানানো হয়।

তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় দেড় মাস বয়সী শিশুসন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বারান্দায় বসে সন্তানকে দুধ খাওয়ান বলেও জানা গেছে। পরে শিশুসন্তানসহ তাকে হাজতখানায় নেওয়া হয়।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে তাকে শিশুসন্তানসহ কারাগারে যেতে হচ্ছে।

/এসএ/