শিরোনাম

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন কারাগারে

আদালত সংবাদদাতা
আদালত সংবাদদাতা
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন কারাগারে
আশরাফুল হক ডনকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়

চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৯ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম এ তথ্য দিয়েছেন।

এদিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, ডনসহ অন্যান্য আসামি পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে বলে বাদী এজাহারে বলেছে। মামলার তদন্ত চলছে। এ আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে কারাগারে আটক রাখার বিষয়ে শুনানি করেন। তবে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে ডনকে আদালতে হাজির করা হয়। তার পরনে ছিল কালো রঙের ছাপা শার্ট, জিন্স প্যান্ট, হলুদ জুতা। প্রথমে তাকে রাখা হয় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায়। বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হাতকড়া পরিয়ে বিকাল ৫টার দিকে এজলাসে তোলা হয় ডনকে। কাঠগড়ায় নেওয়ার পর জ্যাকেট, হেলমেট, হাতকড়া খুলে দেওয়া হয়।

বিচারক জুয়েল রানা এজলাসে উঠে জানতে চান, আসামির পক্ষে কোনো আইনজীবী আছেন কি না?

প্রসিকিউশন বিভাগ থেকে জানানো হয়, আসামির পক্ষে কোনো আইনজীবী নেই।

এরপর প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিকে কারাগারে আটক রাখার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এটা একটা আলোচিত মামলা। দীর্ঘদিন পর একটা পর্যায়ে এসেছে। আজ ভোরে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন এ আসামি। ইমিগ্রেশন থেকে তাকে আটক করে সিআইডি পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিআইডি পুলিশ তাকে আদালতে তুলেছে।

এই আইনজীবী বলেন, ঢাকার সিনেমার প্রখ্যাত, নন্দিত, জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালে তাকে খুন করা হয়। তার পরিবার যেন মামলা না করে এজন্য সালমান শাহর ছোট ভাইকে অপহরণ করে পরিবারকে ভয়-ভীতি দেখানো হয়। এ ঘটনায় সালমান শাহর মা নীলা চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় অপহরণের মামলা করেন। রিজভী ওরফে ফরহাদ নামে এক আসামিকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। রিজভী এই মামলারও আসামি। ওই মামলায় রিজভী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে সালমান শাহকে কীভাবে হত্যা করা হয় তা-ও উঠে আসে। অপহরণের মামলায় রিজভীর দুই বছরের জেল হয়। সাজা খেটে তিনি পলাতক রয়েছেন।

এসময় ডন বলেন, দুই বছরের জেল খেটে পলাতক। এটা কীভাবে হয়?

এরপর ওমর ফারুকী বলেন, আসামিকে (ডন) জামিন দিলে পলাতক হতে পারেন। তাকে কারাগারে আটক রাখার প্রার্থণা করছি।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এফসি/