শিরোনাম

দুই দিন পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁও সংবাদদাতা
দুই দিন পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
শূন্যরেখায় অবস্থানকালে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া সেই ১১ জন। ছবি: সিটিজেন জার্নাল

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় প্রায় ৪৮ ঘণ্টা অবস্থানের পর নারী-শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। সোমবার (৮ জুন) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গত ৫ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশ পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এতে মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন ওই ১১ জন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু ছিল।

এরপর প্রায় দুই দিন ধরে তারা সীমান্তের শূন্যরেখায় মানবেতর অবস্থায় দিন কাটান। খোলা আকাশের নিচে অবস্থানরত নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

পরবর্তীতে গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার পর বিএসএফ ওই ১১ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ঘটনার পর থেকে সীমান্ত পরিস্থিতির ওপর বিজিবি সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে।

/এফআর/