শিরোনাম

সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী ৩ বন্ধু নিহত

টাঙ্গাইল সংবাদদাতা
সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী ৩ বন্ধু নিহত
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা।

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী তিন যুবক নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাংড়া কালিমন্দির এলাকায় বাসাইল-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) এবং সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। নিহতরা একে অন্যের বন্ধু এবং স্থানীয় করটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত তিন বন্ধু মিলে বাইকযোগে যাচ্ছিল। তাদের বাইকটি বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিবাড়ীর সামনে আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তাকবির মিয়া। বাকি দুজনকে উদ্ধার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আর সায়মনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/