শিরোনাম

ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে: ডা. শফিকুর রহমান
সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংবাদদাতা

জামায়াতে ইসলামীর আমির নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নেয়নি, ফ্যাসিবাদের একটি বড় স্টেকহোল্ডার বিদায় নিয়েছে। কিন্তু ফ্যাসিবাদের কালো ছায়া এখনো জাতির মাথার ওপর রয়ে গেছে। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, প্রতিহিংসা ও সংকীর্ণতা রয়ে গেছে।

রবিবার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণভোট ও সংস্কার পরিষদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে বিপুলসংখ্যক ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন হয়নি। সরকারি দলের সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংসদে নোটিস দেওয়া হবে এবং সংসদের ভেতরে-বাইরে তারা বিষয়টি উত্থাপন করবেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদরা কথার সঙ্গে কাজের মিল রাখতে না পারায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি অশ্রদ্ধা ও ক্ষোভ তৈরি হয়েছে। মিডিয়া জাতির দর্পণ আর সাংবাদিকেরা জাতির বিবেক। সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে সাংবাদিকতায় সমাজ ও বিবেকের প্রতিধ্বনি আগের মতো দেখা যাচ্ছে না ।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশে জ্বালানি, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপে পড়তে পারে। এ সংকট মোকাবিলায় সরকার উদ্যোগ নিলে জাতীয় স্বার্থে তা বিবেচনা করবে বিরোধী দল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি, হত্যা ও সহিংসতার ঘটনা দুঃখজনক। এসব ঘটনায় তারা প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন। সব স্তরে গণতন্ত্রের চর্চা ও জবাবদিহিমূলক নেতৃত্ব তৈরির জন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিলেট উন্নয়ন-বঞ্চনার শিকার। সিলেটের ন্যায্য পাওনা যাতে বঞ্চিত না হয়, সেই দাবিতে তারা সোচ্চার থাকবেন। তবে বাস্তবায়নের মূল দায়িত্ব সরকারের হাতে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা ।

/এসআর/