শিরোনাম

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া দুটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত পোনে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছেন। হামলার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এরইমধ্যে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। তিনি বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ঘটনা স্থলে যান। তিনি বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

/এসআর/