শিরোনাম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা সংবাদদাতা
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব প্রতিবাদী স্লোগানে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। এ সময় কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়।

রবিবার (৩ মে) সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কলম যোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তার বিরুদ্ধে মামলা-হামলার খড়্গ নেমে আসে। সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নন।

তারা আরও বলেন, গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা, গ্রীন টিভির মীর খায়রুল আলম প্রমুখ।

/এসআর/