শিরোনাম

রংপুরে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রংপুরে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
রংপুরে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, রংপুর মহানগরী শাখা

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২৩ আগস্ট) রংপুর নগরীতে এ কর্মসূচি পালন করে দলটির মহানগর শাখা।

নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, হাজিরহাট থানা আমির বেলাল হোসেন এবং মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে মাহবুবুর রহমান বেলাল বলেন, একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এমন হত্যাকাণ্ডে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি মাদকের বিস্তারও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। তারা যদি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে ঘটনার মূল কারণ বের করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন এই সংসদ সদস্য।

সমাবেশ থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে রংপুর নগরীর একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে নানা আলোচনা চলছে।

/এমআর/