ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলা, নিহত ৩০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলা, নিহত ৩০
রাশিয়ার বোমা হামলার পর বাসে আগুন লেগে যায়। ছবি: বিবিসি

ইউক্রেনের দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের প্রধান ভাদিম ফিলাশকিন বলেন, বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যার লক্ষ্যেই বাস দুটিকে হামলার জন্য বেছে নেওয়া হয়েছিল। হামলার পর ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন স্থানীয় প্রসিকিউটররা। সেখানে পুড়ে যাওয়া বাস, ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ এবং সড়কে পড়ে থাকা মরদেহ দেখা গেছে।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এ হামলার জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। রাশিয়া দনবাসের সব মানুষের জীবন ধ্বংস করার চেষ্টা করছে, বিশ্ব সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তবে ক্রামাতোর্স্কের এ হামলা নিয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে বুধবার (৭ অক্টোবর) ভোরে রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলে একটি পাঁচতলা আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ ২২ জন নিহত হন।

সূত্র: বিবিসি

/এমএকে/