ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার খবর জানাজানি হওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন।

আটক সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার (১৮ এপ্রিল) তাকে রংপুর নগরীর খাসবাগ এলাকা থেকে রেলস্টেশনগামী পথে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭২ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকেও তার আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শোয়েবের ব্যবহৃত মোটরসাইকেল ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মাদকগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি এসব মাদক সরবরাহ করেন। এটি ঢাকাগামী ট্রেনে অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

এদিকে, ঘটনাটি জানাজানির কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়। সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নূর হাসান সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

/এসএ/