শিরোনাম

রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান

রাঙামাটি সদর উপজেলায় যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার এলাকার মেঘরানী চাকমা (৪৫), একই উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শোভা চাকমা (৫২), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা (৩৮) ও বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হন পিকআপের ড্রাইভার জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারায় পিকআপটি। এতে পিকআপটি সড়ক থেকে নিরাপত্তার খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পর আহত তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/

বিষয়:

রাঙামাটি