সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, এলাকায় আতঙ্ক

রাঙ্গামাটি সংবাদদাতা
রাঙ্গামাটি সংবাদদাতা
সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সাজেক ভ্যালি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে এ গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি শুরু হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

/এফসি/