শিরোনাম

পদ্মার এক বাঘাইড় ৬৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী সংবাদদাতা
পদ্মার এক বাঘাইড় ৬৬ হাজার টাকায় বিক্রি
পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজির বাঘাইড়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে একটি মহাবিপন্ন বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার (২৪ মে) ভোরে উপজেলার দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটের কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৬৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, সঙ্গীদের নিয়ে স্থানীয় জেলে খলিল হালদার রবিবার ভোর রাতে ইঞ্জিন চালিত ট্রলারে করে পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় কলাবাগান এলাকায় জাল ফেলেন তারা। ভোরে জাল উঠালে তারা দেখতে পান, জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। সেখানে ওজন দেওয়া হলে দেখা যায়, মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম।

আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে অনলাইনে এক কাতার প্রবাসীর কাছে ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বিশাল আকৃতির এমন বাঘাইড় সচরাচর ধরা পড়ে না। তাই দাম একটু বেশি হলেও মাছটি কিনেছি। পরে সেটি প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে এক কাতার প্রবাসীর ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছি।

জেলে খলিল হালদার বলেন, মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। ভাল দাম পেয়েছি। আশা করি, এবারের ঈদটা ভালোভাবেই কাটাতে পারবো।

/এফআর/