শিরোনাম

বিয়ের দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা
বিয়ের দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
বিয়ের দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ মিছিল।

বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকজন বন্ধু। এসময় তাদের ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’ স্লোগান দিতে দেখা গেছে। আন্দোলনকারীরা সবাই এসএসসি ব্যাচ-২০১৫ শিক্ষার্থী।

শুক্রবার (১৫ মে) বিকেলে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে থেকে বিক্ষোভ মিছিল বের করে ওই বন্ধুরা। পরে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তাদের এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ক্যামেরা বন্দি করেন।

আন্দোলনকারী বন্ধুরা জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় নুরু মণ্ডলপাড়ার শাকিল শেখ গত ১৪ মে (বৃহস্পতিবার) বিয়ে করেন। তাদের দাবি, পাত্রী দেখা ও উভয় পরিবারকে রাজি করার কাজটি বন্ধুরাই করেন। তবে তাদের না জানিয়ে বন্ধু শাকিল শেখ বিয়ে করে নেন। এতে এমন প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।

ব্যতিক্রমী এই বিক্ষোভ আয়োজনের অন্যতম উদ্যোক্তা আয়নাল আহসান বলেন, ‘আমাদের দাওয়াত না দেওয়ায় প্রতীকী প্রতিবাদ হিসেবে এই আয়োজন করেছি। তবে নবদম্পতির জন্য বন্ধুদের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া করেছি।’

মিছিলে আরও উপস্থিত ছিলেন মিশকাত, আলামিন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেক বন্ধু-বান্ধব। তবে শুধু ‘আন্দোলন’ নয়, প্রতিবাদ শেষে তারা বন্ধুর নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানান তারা। এমনকি সন্ধ্যার পর বন্ধুরা একত্রিত হয়ে নৈশভোজও করেন।

/এফআর/