শিরোনাম

ঈশ্বরদীতে বিএনপির ঘোষিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
ঈশ্বরদীতে বিএনপির ঘোষিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে পাবনার ঈশ্বরদী পৌর সদরে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে ৪৮ ঘন্টার মধ্যে তা বাতিলের আল্টিমেটাম দিয়েছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের পর ঝাড়ু মিছিল বের করা হয়।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম স্বপন বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা হঠাও আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত, অত্যাচারিত, রাজপথে রক্ত ঝরানো নেতাকর্মীদের বাদ দিয়ে খুনি, প্রতারক, ব্যাংক লুটেরা, অস্ত্রধারী, আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একতরফা অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা ঘৃণাভরে এই কমিটি প্রত্যাখ্যান করছি।

আল্টিমেটাম দিয়ে তিনি জানান, এই অবৈধ কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয় করে এবং তাদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি দিতে হবে। তা না হলে‌ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এজন্য ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতি অবনতি হলে এর দায় দায়িত্ব আমরা বহন করবো না।

সংবাদ সম্মেলন শেষে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা এরবাস হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপি এবং মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি।

/এসআর/