শিরোনাম

বক্তব্য দিতে না দেওয়ায় ইউএনওর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নীলফামারী সংবাদদাতা
বক্তব্য দিতে না দেওয়ায় ইউএনওর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় শহীদ মিনারে ফুল দেওয়ার পর বক্তব্য দিতে না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ইউএনওসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ নীরবতা পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় বিএনপির কয়েকজন নেতা বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে ইউএনও তাৎক্ষণিকভাবে জানান, এখানে বক্তব্য দেওয়ার কোনো কর্মসূচি নেই।

পরে স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তোরাব আহমেদ ইমন বলেন, সাবেক বিএনপি সভাপতি উপস্থিত থাকলেও তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেলিন বলেন, বিষয়টি বড় কিছু নয়। ইউএনও সামান্য সময় কথা বলেছেন। কেউ কেউ মনে করেছিলেন বক্তব্য দিতে দেওয়া হচ্ছে না, সেখান থেকেই ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

ভিডিওতে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিনকে বলতে শোনা যায়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও দোয়া– এ পর্যন্তই কর্মসূচি নির্ধারিত ছিল।

কোনো আলোচনা বা বক্তব্যের অংশ এতে রাখা হয়নি। আলোচনা সভা পরদিন অনুষ্ঠিত হবে, সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে।

ভিডিওতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরীকে দেখা গেলেও তিনি নীরব ছিলেন।

/এসআর/