শিরোনাম

ঈদযাত্রা: সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রস্তুত ১২৭ কোচ

নীলফামারী সংবাদদাতা
ঈদযাত্রা: সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রস্তুত ১২৭ কোচ

ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে ট্রেনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাড়তি শতাধিক কোচ। পুরাতন কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা।

প্রয়োজনের মাত্র ২৩ শতাংশ জনবল, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা সমস্যা নিয়েও এবারের ঈদযাত্রায় ১২৭টি কোচ সংযুক্ত করতে যাচ্ছে কারখানাটি। এরইমধ্যে পাকশী ও লালমনিরহাট রেলওয়ের কাছে ১০৩টি কোচ হস্তান্তর করা হয়েছে।

নানা সংকটের মধ্যেও কর্মব্যস্ততায় সময় কাটছে কারখানাটির শ্রমিক-কর্মচারীদের। রেলবহরে মেরামতকৃত বাড়তি কোচ যুক্ত হলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় দেখা গেছে, শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। নির্ধারিত সময়ের বাইরে কাজ করছেন তারা। প্রয়োজনীয় মালামাল ও জনবল সংকট থাকলেও ঈদে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত শ্রম ও সময় দিয়ে তারা কোচগুলো দ্রুত প্রস্তুতের কাজ করছেন।

কারখানার শিডিউল শপের প্রকৌশলী রুহুল আমীন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১২৭টি কোচ সচল করা হচ্ছে। যাত্রীচাপ মোকাবিলায় বাড়তি কোচ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে ১২৭টি কোচ। ইতোমধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।

/এসআর/