শিরোনাম

কবরস্থান নিয়ে সংঘর্ষ, আহত ৫৬

নেত্রকোনা  সংবাদদাতা
নেত্রকোনা সংবাদদাতা
কবরস্থান নিয়ে সংঘর্ষ, আহত ৫৬
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

নেত্রকোণার কলমাকান্দায় কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমঘড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। কবরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছিল।

আরও জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি বলেন, দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষে আহত ৫৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিনের বিরোধ থেকেই দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসবি/