শিরোনাম

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি
প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ২
আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীর শিবপুরে অন্য স্কুলের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় এক শিক্ষককের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। রাতে শিবপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষক।

আহত শিক্ষকের নাম মনজিল মোল্লা। তিনি বিদ্যালয়টির ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকায়।

শিক্ষকের ওপর হামলায় অভিযুক্ত দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– শিবপুরের চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম ও নজরুল মিয়ার ছেলে ইমন মিয়া। এ ঘটনায় জড়িত আরেক কিশোরের পরিচয় জানা যায়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইংরেজির সহকারি শিক্ষক মনজিল মোল্লা স্কুলেই অবস্থান করছিলেন। এ সময় তিন তরুণ তাকে স্কুলের গেটের সামনে ডেকে নিয়ে যায়। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা শিক্ষক মনজিল মোল্লাকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ইউএনও

ওই শিক্ষক জানান, তিনজন কিশোর কথা বলার জন্য তাকে বিদ্যালয়ের ফটকের কাছে ডেকে নেন। তিনি সেখানে পৌছার পর এক কিশোরকে প্রাইভেট পড়াতে বলেন তারা। এ সময় 'প্রাইভেট পড়ানোর সময় নেই' বললে তারা ক্ষুব্ধ হন। তারা কথাবার্তার মধ্যে উপর্যুপরি কিলঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে যান।

জানা গেছে, শিক্ষকের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠেন। তারা বিক্ষুব্ধ হয়ে এক হামলাকারী কিশোরকে বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরেক তরুণকে আটক করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার ও বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন। তারা হ্যান্ডমাইকে উপস্থিত শিক্ষার্থীদের আশ্বাস দেন, এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার হবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন জানান, কিশোরকে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে বলা হয়েছে।

জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আসামি করে বৃহস্পতিবার রাতেই মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। অন্যদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।

/এসআর/