শিরোনাম

মনোহরদীর ২ প্রাইভেট হাসপাতালে মিললো মেয়াদোত্তীর্ণ ওষুধ

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীর ২ প্রাইভেট হাসপাতালে মিললো মেয়াদোত্তীর্ণ ওষুধ
অভিযানে উপজেলা প্রশাসন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান এবং ওষুধ সংরক্ষণ ব্যবস্থা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল ও রাজিব প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এসময় হাসপাতাল দুটির ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি, রিএজেন্ট এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করা হয়।

অভিযানকালে লাইফ কেয়ার হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে থাকা সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়েছে।

অন্যদিকে, রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকেও সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্যাথলজি বিভাগের পরিবেশ আরও আধুনিক ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ঔষধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এফআর/