শিরোনাম

স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় গ্রেপ্তার স্ত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় গ্রেপ্তার স্ত্রী
সিদ্ধিরগঞ্জ থানা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বুধবার রাতে উপজেলার কদমতলী এলাকা থেকে ওই গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে ও শাকিল আলমের স্ত্রী।

পুলিশ জানায়, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে আসামি সাজেদা আক্তারের বিরুদ্ধে নালিশি মামলা করেন তার স্বামী শাকিল আলম। মামলার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত সাজেদা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের পরোয়ানা আদেশের ভিত্তিতে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অভিযান চালিয়ে মামলার বিবাদী সাজেদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/