শিরোনাম

ময়মনসিংহের ৮ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহের ৮ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের কয়েকটি উপজেলায় মিছিল, শপথসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রবিবার ও আজ সোমবার (২২ জুন) সকালে এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় দুটি করে স্থানে এবং গৌরীপুর ও ভালুকা উপজেলায় একটি করে স্থানে কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এসব কর্মসূচির ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য আত্মগোপনে থাকা শরীফ আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকালে জেলার ভালুকা উপজেলায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনাকে ফেরাতে ও কর্মসূচি বাস্তবায়নে শপথ পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ঘটনার একটি ভিডিও ‘যুবলীগ’ নামের একটি পেজ থেকে গতকাল বিকাল পাঁচটার দিকে ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘ভালুকা উপজেলা যুবলীগের শপথ। আয়োজনে, শাহরিয়ার হক (সজিব), সংগঠক, ভালুকা উপজেলা যুবলীগ ও সাবেক সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রলীগ।’

ভিডিওতে একটি জাতীয় পতাকা মাঝখানে রেখে চারপাশ ঘিরে মুখে মাস্ক পরা একদল লোককে সামনে হাত তুলে শপথ পড়তে শোনা যায়।

এছাড়া, জেলার তারাকান্দা উপজেলায় গতকাল রবিবার সকালে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ময়মনসিংহ-শেরপুর সড়কে আয়োজিত মিছিলটির নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (মীম)। পরে ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও আত্মগোপনে থাকা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের ফেসবুক থেকে রবিবার বিকেলে প্রকাশ করা হয়।

এদিকে, শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের লক্ষ্যে এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহ মহানগর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী পরাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।

এ ছাড়া গৌরীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিংয়ের ভিডিও ফেসবুকে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন।

অন্যদিকে, ময়মনসিংহ সদর, ফুলপুর ও তারাকান্দা উপজেলা পৃথক তিনটি কর্মসূচির ভিডিও প্রকাশ করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ। সোমবার (২২ জুন) দুপুর ১২টার পর ফেসবুকে ভিডিও তিনটি প্রকাশ করেন তিনি।

এসব ভিডিওতে ক্যাপশন হিসেবে লেখা হয়, ‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সে জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি।’

/এফআর/