শিরোনাম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জ সংবাদদাতা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার এলাকায় সংঘর্ষ হয়

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে জমজম টাওয়ার এলাকা থেকে দলটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর নেতৃত্বে আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

এ সময় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আহত হন।

ওসি মিল্টন দত্ত জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসআর/