শিরোনাম

লালমনিরহাট সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাট সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
বিজিবির বাধার মুখে পুশইন করা ব্যক্তিদের নিজ ভূখণ্ডে নিয়ে যায় বিএসএফ।

লালমনিরহাটের সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে শুন্যরেখা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার তিনটি সীমান্ত এলাকায় দিয়ে তাদের সরিয়ে নেয় বিএসএফ। এর আগে, শুক্রবার ভোর রাতে একই সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ।

বিজিবির কঠোর অবস্থান, অতিরিক্ত টহল ও সার্বক্ষণিক নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) পুশইনের জন্য আনা ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছে ১৫ বিজিবির মিডিয়া সেল।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন অবস্থান করছিলেন।

এরপর অতিরিক্ত সদস্য মোতায়ন এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় বিজিবি। ফলে দিনভর শূন্যরেখা ও ভারতীয় ভূখণ্ডের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি ৩৩ জন।

পরে শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ বুড়া সারডুবি সীমান্তে অবস্থানরত ১১ জনকে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা তারকাঁটার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

একই রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকেও বিএসএফ সার্চলাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়।

অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ ৮৪৬/১-এস মেইন পিলার এলাকায় অবস্থান করা বাকি ১০ জনকেও সরিয়ে নেয় বিএসএফ।

স্থানীয়রা জানায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে তাদের তারকাঁটার ভেতরে প্রবেশ করায়। পরে একটি পিকআপ ভ্যানে করে তাদের সরিয়ে নিয়ে যায়।

১৫ বিজিবির মিডিয়া সেল জানিয়েছে, বর্তমানে তিনটি সীমান্ত পয়েন্টেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তের শুন্যরেখায় অবস্থান করা মানুষদের নিজ ভূখণ্ডে সরিয়ে নিয়েছে বিএসএফ। যে কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

এসআর