শিরোনাম

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার মজু চৌধুরীর হাট সড়ক এবং রামগতি উপজেলায় মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে মজু চৌধুরীর হাট সড়কে ১০ থেকে ১২ জন নেতাকর্মী মিছিল করেন। এ ছাড়া রামগতি উপজেলায় প্রত্যন্ত এলাকায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়।

ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

এ ছাড়া ব্যানারে লেখা ছিল, গোপালগঞ্জে গণহত্যার বিচার, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ বিচারের রায় ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।

এ ব্যাপারে সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘মিছিলের বিষয়টি শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। তাদেরকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’

/এসআর/