শিরোনাম

পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে দেখলেন, নিহত শিক্ষার্থী তারই ছেলে

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে দেখলেন, নিহত শিক্ষার্থী তারই ছেলে
নিহত শিক্ষার্থী মোহাম্মদ তুহিন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশের টহল দলের সদস্যরা। সেখানে গিয়ে তারা দেখেন ট্রাকচাপায় নিহত স্কুলছাত্র টহলে থাকা এক পুলিশ সদস্যের ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা তানিয়া নাজনীন বলেন, সকালে থানায় খবর আসে, জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তখন নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। টহল দলে গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে টহল দলের সদস্যরা দেখতে পান, নিহত শিশুটি শামসুল হকের ছেলে তুহিন। এ দৃশ্য দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও শোকাহত হয়ে পড়েন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা। তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর/