শিরোনাম

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

খাগড়াছড়ি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নিউটন চাকমা ওরফে নির্মল রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের সোনাধন চাকমার ছেলে। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা গণমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় দায়ী আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক। সকালে নিউটনসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ি দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলার সময় একজন সদস্য পালিয়ে প্রাণে রক্ষা পেলেও নিউটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়।

তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলছেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর তদন্ত হলে হত্যার আসল কারণ জানা যাবে।

/এসআর/