শিরোনাম

গাজীপুরে পোশাক কারখানায় ‘হঠাৎ’ অসুস্থ অর্ধশত শ্রমিক

গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে পোশাক কারখানায় ‘হঠাৎ’ অসুস্থ অর্ধশত শ্রমিক
চিকিৎসাধীন কয়েকজন শ্রমিক। ছবি: সংগৃহীত

গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশত শ্রমিক। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে কারখানাটিতে কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। এরপর আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়তে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা গণ মনোদৈহিক রোগে আক্রান্ত। এতে তেমন কোনো আশঙ্কা নেই। চিকিৎসা দেওয়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন তারা।

/এফআর/