শিরোনাম

ফেনী থেকে বিসিবির কাউন্সিলর হলেন অপু

ফেনী সংবাদদাতা
ফেনী থেকে বিসিবির কাউন্সিলর হলেন অপু

ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তার এ মনোনয়নের খবরে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অপুকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে। ক্রীড়া সংগঠক হিসেবে মাঠ পর্যায়ে বেশ সরব উপস্থিতি থাকলেও বিগত সময়ে বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার কোনো কমিটিতে স্থান পাননি তিনি। তবে স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।

শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তারপাড়া ক্লাবের মাধ্যমে। পরবর্তীতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের সদস্য হিসেবে নজরে আসেন। ২০০৪ সালে জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রিকেটে চ্যাম্পিয়ান হয় পাইলট উচ্চ বিদ্যালয়। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল ইসলাম অপু। পরবর্তীতে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেন তিনি।

একই সালে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লিগে অপুর অভিষেক হয়। ২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে ডান হাত ভেঙে ইঞ্জুরিতে পড়েন তিনি। এতে অল্প বয়সেই তার খেলোয়াড়ি জীবন থেমে যায়। পরবর্তীতে সে বয়সেই সংগঠক হিসেবে যাত্রা শুরু করেন অপু।

সাংগঠনিক জীবনে ২০০৯ সালে শরিফুল ইসলাম অপু ফেনীর মেধাবী খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ‘ক্রিকেট ইনস্টিটিউট’ নামে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলেন। তার হাত ধরেই ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ও ক্রিকেট ইনস্টিটিউট থেকে জাতীয় দলের ফেনীর একমাত্র ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উঠে আসেন। এছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় বয়সভিত্তিক দলে ফেনীর প্রতিনিধিত্ব করেন। ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন তিনি।

শরিফুল ইসলাম অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ‘এফপিএল’ নামের একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন হয়, যা ফেনীর ক্রিকেটে নতুন জাগরণ সৃষ্টি করে। এসব আয়োজনে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, জাতীয় ক্রীড়া সংগঠক বর্তমান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের মতো তারকাদের সম্পৃক্ত করে ফেনীর ক্রীড়াপ্রেমীদের চমকে দেন তিনি এবং তার সহকর্মীরা।

এফপিএল সংগঠনের মাধ্যমে ২০১১ সালে সারাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট আয়োজন করেন শরিফুল ইসলাম অপু। যেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড় উঠে আসে। ২০১৪ সালে ফেনীর বিভিন্ন ক্লাবের যুব খেলোয়াড়দের নিয়ে ‘এফপিএল টি-২০’ নামক আরও একটি টুর্নামেন্ট আয়োজন করেন। যেখান থেকে বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড় উঠে আসে।

এর মধ্যে সবচেয়ে প্রশংসিত হয় কিন্ডারগার্টেনের ছোট শিশুদের নিয়ে ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজন। যা অভিভাবকদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন খেলোয়াড় তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে। ২০১০ সাল থেকে দীর্ঘ সময় ধরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ফেনীর ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়াও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও জেলা ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ক্রীড়া সংগঠকের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া লেখক হিসেবেও পরিচিত শরিফুল ইসলাম অপু। ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক ফেনীর সময়’-এ ক্রীড়া লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি দৈনিক ফেনীর বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে নিয়মিত ক্রীড়া কলাম লেখেন তিনি।

এ ছাড়াও দীর্ঘদিন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার‌্যাক্টের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন শরিফুল ইসলাম অপু। ২০২৩-২৪ সালে এ সংগঠনে সারা দেশের নেতৃত্ব দেন। ভলান্টিয়ার সার্ভিস বিষয়ে তার রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা। সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেনী জেলা ইউনিটের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন তিনি।

/এফআর/