শিরোনাম

এনসিপির ৩ নেতাকে শোকজ

ফেনী সংবাদদাতা
ফেনী সংবাদদাতা
এনসিপির ৩ নেতাকে শোকজ
জাতীয় নাগরিক পার্টির ৩ নেতা

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনায় ৩ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।

জেলা সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব, জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীব ও সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে শোকজ করা হয়। শোকজপ্রাপ্তদের মধ্যে আকবর হোসেনকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, এমদাদুল হক রাজীবের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীব বলেন, সেদিন সভায় প্রটোকল ভেঙে বক্তব্য দেওয়ার জন্য একজনের নাম ঘোষণা করায় মঞ্চে আমি প্রতিবাদ করেছিলাম। বিষয়টি হয়তো কেন্দ্রের কাছে ভালো লাগেনি, সেই জন্য শোকজ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আমি এর জবাব দেবো।

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব বলেন, আমি যেহেতু সোনাগাজীর ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সম্ভবত শৃঙ্খলা রক্ষায় ত্রুটি থাকার কারণেই আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মঞ্চে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

/এসআর/