শিরোনাম

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ যুবক

দিনাজপুর সংবাদদাতা
ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ যুবক
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছালম উদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফছাড়াবাদ কলোনির সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে ছিলেন নিহত তিন যুবক। মোটরসাইকেলটি রানীগঞ্জ বাজার এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠলে হঠাৎ করে সেটার সঙ্গে দিনাজপুরগামী একটি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন যুবক সড়কে ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিসহ হেলপারকে আটক করা হয়েছে।

/এফআর/