কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা, ভাবি ও ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (২১ সেপ্টেম্বরে) সকালে উপজেলার বড় শালঘর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমন ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

নিহতরা হলেন– ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি ও ভাবির রাবেয়া বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাড়ে ৮টার দিকে হঠাৎ ইমন ধারালো অস্ত্র দিয়ে তার মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মা ও ভাতিজির মৃত্যু হয়। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রাবেয়া বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিস্তারিত তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/