শিরোনাম

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের

কুড়িগ্রাম প্রতিনিধি
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের
দুর্ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– দুলু মিয়া ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/