অপ্রতিমের মা বললেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা মেনে নেব না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অপ্রতিমের মা বললেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা মেনে নেব না’
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা মঙ্গলবার রাতে অপ্রতিমের বাসায় সমবেদনা জানাতে গেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তার মা নাহিদা বেগম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা। সন্তান হারানোর শোকের মধ্যে অপ্রতিমকে ‘ব্লেমিং’ বা দায়ী করে বিভিন্ন প্রচার তাকে আরও কষ্ট দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের মা-বাবার সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেলে এসব কথা বলেন নাহিদা বেগম।

নাহিদা বেগম বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না। আমার দুধের বাচ্চা, আমার ছেলে বোঝে না। তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, দীর্ঘদিন সময় নিয়ে তাকে বন্ধু বানিয়ে, সবার কাছে ভিকটিম বানিয়ে দিয়ে বলছে, দেখো, ও আমাদেরই একজন সদস্য, ও আমাদের সঙ্গে খেলছে, ওর কারণে ও মরে গেছে; আমি কিন্তু সেটা মানব না।’

অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে দায়ী করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তার মা। তার প্রশ্ন, ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে?’

নাহিদা বেগম বলেন, ২০২৫ সালের শুরুতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তার ধারণা, সেই কারণে যদি তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তা তিনি মেনে নেবেন না।

শুধু নিজের সন্তানের হত্যার বিচার নয়, ভবিষ্যতে যেন আর কোনো শিশু বা পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিও সামনে এনেছেন এই শিক্ষক।

তিনি বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে– সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’

/আরএ/