শিরোনাম

একদিনে সড়কে ঝরলো ১৮ প্রাণ

সিটিজেন ডেস্ক
একদিনে সড়কে ঝরলো ১৮ প্রাণ
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

দেশের সাত জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মোট ১৮ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় বহু আহতের ঘটনাও ঘটেছে। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আলাদা আলাদা স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ৬ জন, যশোরে ৪ জন, দিনাজপুরে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ফরিদপুর, জয়পুরহাট ও গাজীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী,

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন। শনিবার উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসা শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া, কুষ্টিয়া সদর উপজেলায় বাড়ির সামনে খেলা করার সময় স্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।

যশোর: জেলার সদর উপজেলায় একটি কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। শনিবার যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ওসি মাসুম খান বলেন, সকালে খুলনা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিয়ে অপর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক আরোহী বৃষ্টি সাহা ও আইয়ুব আলী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছালম উদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফছাড়াবাদ কলোনির সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে ছিলেন নিহত তিন যুবক। মোটরসাইকেলটি রানীগঞ্জ বাজার এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠলে হঠাৎ করে সেটার সঙ্গে দিনাজপুরগামী একটি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন যুবক সড়কে ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা।

চট্টগ্রাম: জেলার পটিয়া উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

নিহত দুজন হলো— উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (১৫) ও একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসনিম (১৫)। তাদের মধ্যে শাহাদাত উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও তাসনিম আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত চেষ্টা চলছে।

জয়পুরহাট: বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে জয়পুরহাট শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ​মাহফুজুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোয়ালবাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/