শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাল ফেলে মাছ ধরছেন স্থানীয়রা

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাল ফেলে মাছ ধরছেন স্থানীয়রা
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে হাঁটুপানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে চন্দনাইশ উপজেলার হাশিমপুর, দোহাজারীর বটতলাসহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানিতে ডুবে গেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই মহাসড়কের চন্দনাইশের বিভিন্ন অংশে প্রায় হাঁটুপানি। মহাসড়কের ওপর জমে থাকা পানিতে জাল ফেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ মাছ ধরছেন। এর মধ্যে ধীরগতিতে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

স্থানীয় দক্ষিণ হাশিমপুর এলাকার বাসিন্দা ছোটন দাশ বলেন, চট্টগ্রাম নগরে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে সড়কে পানি থাকায় কোনো যানবাহনই পাননি। পানি মাড়িয়ে প্রায় ২০০ মিটার হাঁটতে হয়েছে। এতে তার জামাকাপড় ভিজে গেছে।

পানিতে ডুবে গেছে মহাসড়ক
পানিতে ডুবে গেছে মহাসড়ক

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, মহাসড়কের চন্দনাইশ অংশ দুই থেকে আড়াই ফুট পানিতে তলিয়ে ছিল। তবে আজ পানি কিছুটা কমেছে। চালকরা সতর্কতার সঙ্গে যানবাহন চালাচ্ছেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দিকনির্দেশনা দিচ্ছে।

চন্দনাইশ উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলার ৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার কিছু কিছু অংশ প্লাবিত হয়েছে। সন্ধ্যা হলেই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নিয়মিত ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। উপজেলার সব কটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানি না কমলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

/এসআর/