শিরোনাম

আমার এলাকায় ওয়াজ হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আমার এলাকায় ওয়াজ হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রুমিন ফারহানা।

অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

গত ১৮ মাসের পরিস্থিতি সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, আমরা গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখেছি, কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করেন, তাদেরকে ধরে নিয়ে হেনস্তা করা হয়েছে; জেলে দেওয়া হয়েছে। আমি জানি না, আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি-না; কিন্তু আমি বলতে পারি, প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।

সম্প্রতি সিলেটে বাউল গানের আসরে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ঈদুল ফিতরের একদিন পর সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশের দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে।

রুমিন ফারহানা আরও বলেন, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন-পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারা আমাদের সংস্কৃতির একটি অংশ। সুতরাং যার যার মত, তার তার পথ। আমরা কেউ কারও মতের ওপর হস্তক্ষেপ করব না।

/এসআর/