শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনে গাঁজার বস্তা, চালক আটক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনে গাঁজার বস্তা, চালক আটক
বৃহস্পতিবার রাতে আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেনে অভিযান পরিচালনা করে র‍্যাব-৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে গাঁজার বস্তা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (ট্রেনচালক) শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে র‍্যাব-৯ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেন আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি চালাতে গেলে লোকোমাস্টার প্রথমে বাধা দেন। এক পর্যায়ে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে একটি গাঁজার বস্তা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১৬ কেজি। এছাড়া একটি স্কফের বোতলও উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পরই র‍্যাব সদস্যরা লোকোমাস্টারকে তল্লাশির বিষয়ে অবহিত করেন। তবে তিনি তল্লাশিতে সহযোগিতা না করে উত্তেজিত আচরণ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আরেক লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

র‍্যাব জানিয়েছে, আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্টেশন মাস্টার।

/এসআর/