শিরোনাম

বগুড়ায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বগুড়ায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু
বাস চালাচ্ছেন নারী ড্রাইভার

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী ৩ জনই নারী। যাত্রীও নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর বগুড়াতেও এই বিশেষ বাস সার্ভিস চালু হয়।

উদ্বোধনের পর বাসটি ডিপো থেকে যাত্রা শুরু করে তিনমাথা রেলগেট এলাকার সরকারি আজিজুল হক কলেজের সামনে পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে এসে ডিপোতে প্রবেশের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। বাসের চালকের আসনে ছিলেন চালক খাদিজাতুল কোবরা।

আপাতত বগুড়ার দুটি রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মহিলা বাস সার্ভিস চলাচল করবে। রুট দুটি হলো– শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী। প্রজ্ঞাপন অনুযায়ী, নন-এসি বাস দুটির ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সকালে বিআরটিসির বগুড়া ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার কার্যক্রম যুক্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, এটি শুধু ঢাকা, চট্টগ্রাম বা বগুড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে পুরো দেশে এই সেবা চালু করা হবে। নারীদের নিরাপদ যাতায়াত ও কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এই সার্ভিস চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন কর্মক্ষেত্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় গণপরিবহনে নারীদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

মহিলা বাস সার্ভিসে যাতায়াতের অনুভূতি জানিয়ে নারী যাত্রী রিনা বেগম বলেন, সাধারণ গণপরিবহনে পুরুষদের সঙ্গে যাতায়াতের সময় নারীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই বিশেষ বাস চালুর ফলে তারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

নারী বাসচালক খাদিজাতুল কোবরা বলেন, ‘একটি বাসে আমরা ৩ জন নারী থাকব, ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপার। মহিলা বাস সার্ভিসের চালক হতে পেরে আমি গর্বিত। অন্য নারীরাও চাইলে এই পেশায় আসতে পারেন।’

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপাতত শেরপুর-মাটিডালি ও মোকামতলা-বনানী রুটে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বাস দুটির চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই বিআরটিসির স্থায়ী নারী কর্মী। মন্ত্রণালয় থেকে আরও বাস পাওয়া সাপেক্ষে অন্য রুটেও মহিলা বাস সার্ভিস চালু করা হবে।’

বিআরটিসির মহিলা প্রশিক্ষক সুবর্ণা খাতুন জানান, বিআরএসপি প্রকল্পের মাধ্যমে সার্কুলার দিয়ে প্রায় ৫০০ জনের মধ্য থেকে বাছাই করে নারী প্রশিক্ষক ও চালক তৈরি করা হয়েছে। ভবিষ্যতে বগুড়ায় মহিলা বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

/এসআর/