শিরোনাম

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় থেকে দেশের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের কোষাগার লুট করেছে। বিদেশি সহায়তার অর্থও পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থও চুরি করে ফিলিপাইনে নেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ফিলিপাইনে রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের সেখানে কারাগারে যেতে হয়েছে। অথচ বাংলাদেশে ওই ঘটনায় জড়িতদের কারও বিচার হয়নি।

দেশের প্রশাসনে দুর্নীতির প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর।’ ঘুষ, লুটপাট ও নানা ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অন্য অনেক দেশে বড় ধরনের অপরাধের বিচার হয়। কিন্তু বাংলাদেশে বছরের পর বছর মানুষ বিচার চেয়েও অনেক অপরাধের বিচার পায়নি।

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্পিকার বলেন, দলটির নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী দেশের ব্যাপক ক্ষতি করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, লন্ডনে তার ৩৬০টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া দুবাই ও যুক্তরাষ্ট্রেও তাঁর সম্পদ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুট করে বিদেশে নেওয়া হয়েছে। প্রশাসনের কিছু কর্মকর্তা এখনো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে তিনি বলেন, এ কারণে দুর্নীতি ও লুটপাটের প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি আসছে না।

‘বাংলাদেশ ভালো থাকুক, প্রতিবেশী রাষ্ট্র তা চায় না’

ভারতের সমালোচনা করে স্পিকার বলেন, প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। আগের সরকার দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের স্বার্থের পরিবর্তে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতীয় জাহাজ বন্দরে এলে অন্য জাহাজ, এমনকি বাংলাদেশের জাহাজও সরিয়ে আগে ভারতীয় পণ্য খালাসের সুযোগ দেওয়া হয়। এতে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, ভারতের পণ্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরিবহনের ক্ষেত্রে যথাযথ শুল্ক দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে পণ্য পরিবহন করা হচ্ছে, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

সীমান্ত হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সীমান্তে প্রায়ই মানুষ হত্যার ঘটনা ঘটছে। তার দাবি, ভারতের পাকিস্তান সীমান্তেও এমন ঘটনা নিয়মিত দেখা যায় না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক ওমর আসাদ সভাটি সঞ্চালনা করেন। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার ও হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এমআর/