শিরোনাম

সাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার

বরগুনা সংবাদদাতা
বরগুনা সংবাদদাতা
সাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বরগুনার তালতলীর ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তালতলী উপজেলার ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ১৪ জেলের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার সাগর উত্তাল হলে জেলেরা উপকূলে ফেরার চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়।

উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় ফকিরঘাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে সবাইকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরেছেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।

/এসআর/