শিরোনাম

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সংবাদদাতা
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই
প্রান্তিক লেক

বান্দরবানে জেলা প্রশাসনের নামে ভ্রমণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রুমার বগালেক, কেওক্রাডং ও সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, গণবিজ্ঞপ্তিটি ভুয়া। বান্দরবান জেলায় কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসক এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

সোমবার ভুয়া গণবিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘সম্প্রতি সীমান্তে একটি সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তার নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনা করছে। তাই রুমার বগালেক, কেওক্রাডং ও সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটন গন্তব্য ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলো।’ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের পক্ষে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামের একজন সহকারী কমিশনারের স্বাক্ষর রয়েছে।

ভুয়া এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করেন অনেক পর্যটক।

বিষয়টি জানার পর ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

তিনি জরুরি বিজ্ঞপ্তিতে বলেছেন, জেলা প্রশাসনে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখা নামের কোনো শাখা নেই। পাশাপাশি ভুয়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোনো কর্মকর্তাও নেই জেলা প্রশাসনে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।

ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান জেলা প্রশাসক।

/এসআর/