শিশুরা কতটা শিখছে, নিয়মিত যাচাই করতে হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিশুরা কতটা শিখছে, নিয়মিত যাচাই করতে হবে: ববি হাজ্জাজ
স্কুল পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শুধু শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়, তারা কী শিখছে এবং কতটা শিখতে পারছে– তা নিয়মিত যাচাই করতে হবে। এ জন্য খেলনা দিয়ে ও হাতে-কলমে শেখার উপকরণ ব্যবহার করে আনন্দময় পাঠদান এবং শিক্ষার্থীদের মৌলিক শিখন-দক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে লার্নিং টয়েস বা শিখন উপকরণ বিতরণ করেন। এসব উপকরণ ব্যবহার করে খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ ও দক্ষতা পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি প্রাথমিক স্তরের মৌলিক শিখন-দক্ষতা পড়া, লেখা ও গণিতের দক্ষতা (ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি—এফএলএন) যাচাই করেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলনা ও হাতে-কলমে শেখার উপকরণ ব্যবহার করে শিশুরা বিভিন্ন বিষয় তুলনামূলক সহজে বুঝতে পারছে। প্রচলিত পদ্ধতিতে কোনো কোনো বিষয় বুঝতে সময় লাগলেও আনন্দময় কার্যক্রমের মাধ্যমে তা সহজে অনুধাবন করতে পারছে তারা। এ ধরনের পদ্ধতি শিশুদের শেখার আগ্রহ, উদ্দীপনা ও শ্রেণিকক্ষে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি শিশু নির্ধারিত শিখনফল অর্জন করতে পারছে কি না, তা যাচাই করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পাঠদান কতটা কার্যকর হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে।

তিনি বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় অবকাঠামো, শ্রেণিকক্ষ, আসবাবপত্র, ওয়াশরুম ও শিক্ষকদের উপস্থিতি দেখার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত শিখন দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গণিত ও ইংরেজিসহ মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের যেসব ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রেণিভিত্তিক শিখনফল যাচাই এবং শিশুদের উপযোগী আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এসব ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব। বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লার্নিং টয়েসসহ কার্যকর শিখন পদ্ধতিগুলো আরও বিস্তৃতভাবে প্রয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।

/এফআর/