শিরোনাম

রেইনকোট পেল ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
রেইনকোট পেল ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা
রেইনকোট পেল ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (৪ মে) সকালে গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো শফিকুল ইসলাম খান বলেন, ‘আজ আমরা এমন মানুষদের নিয়ে এই অনুষ্ঠান করছি, যারা ভোর থেকেই অক্লান্ত পরিশ্রম করে শহর পরিষ্কার রাখেন। তাদের শ্রমেই নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পায়।’

তিনি বলেন, ‘গত ঈদে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা বিবেচনা করে আলাদা বোনাসের ব্যবস্থা করেছেন। এটি আপনাদের কাজের প্রতি সম্মান প্রদর্শনের একটি নিদর্শন।’

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মো শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মো শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

প্রশাসক আরও বলেন, ‘আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলে তবেই আমরা নিজেদের সফল মনে করবো।’

এসময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এখন আমাদের সবার দায়িত্ব ‘ক্লিন ঢাকা’ উদ্যোগকে এগিয়ে নেওয়া। এ জন্য আমাদের সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন।’

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী আয়েশা খাতুন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বর্ষার শুরুতেই রেইনকোট পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সুবিধা–অসুবিধার দিকে আপনারা খেয়াল রাখেন। আমরাও আপনাদের পাশে থেকে শহরের জন্য কাজ করতে চাই।’

এসময় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান প্রমুখ।

/এফআর/