শিরোনাম

হারানো ব্যাগ উদ্ধার করে প্রবাসীকে দিলেন আনসার সদস্যরা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
হারানো ব্যাগ উদ্ধার করে প্রবাসীকে দিলেন আনসার সদস্যরা
হারিয়ে যাওয়া ল্যাপটপ-ব্যাগ প্রবাসীর হাতে তুলে দেন দুই আনসার সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের সততা ও তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি ব্যাগ ফেরত পেয়েছেন অর্নব কুমার বণিক নামের এক ভারত ফেরত বাংলাদেশি যাত্রী। রবিবার (২৮ জুন) ভোরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ৩টার দিকে ক্যানোপি-২ এলাকায় ডিউটিরত আনসার সদস্য মো. সানাউল্লাহ পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন। কোনো দাবিদার না থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যানোপি ইনচার্জ পিসি মো. আবুল হোসেনকে জানান। এরপর প্রায় আধঘণ্টা ধরে প্রকৃত মালিকের সন্ধানে ব্যাপক খোঁজাখুঁজি করেন আনসার সদস্যরা। কিন্তু কোনো খোঁজ না মেলায় শেষ পর্যন্ত যথাযথ নিয়ম মেনে ব্যাগটি বিমানবন্দরের ডিএসও অফিসে জমা দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরই ক্যানোপি এলাকায় হন্যে হয়ে ব্যাগ খুঁজছিলেন অর্নব কুমার বণিক। কর্তব্যরত পিসি আবুল হোসেনকে তিনি জানান যে, অসাবধানতাবশত ল্যাপটপ ও জরুরি কাগজপত্রসহ ব্যাগটি তিনি সেখানে ফেলে গিয়েছিলেন। তথ্যের মিল পেয়ে আনসার সদস্যরা তাকে ডিএসও অফিসে নিয়ে যান। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা অর্নবের পরিচয় এবং ব্যাগের ভেতরে থাকা মালামালের বিবরণ নিখুঁতভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে তুলে দেন। তিনি আনসার সদস্যদের দায়িত্বশীল আচরণে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এসআর/